দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাইক্রোসফটের পরিষেবা বিপর্যয়ের কারণে শুক্রবার (১৩ নভেম্বর) যুক্তরাজ্যের সরকারি স্বাস্থ্যসেবা কার্যক্রমে গুরুতর প্রভাব পড়েছে বলে সতর্ক করেছেন একটি শ্রমিক সংগঠনের নেতা।
লন্ডনভিত্তিক বার্তা সংস্থা বিবিসি'র এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
জিএমবি ইউনিয়নের জনসেবা বিভাগের প্রধান র্যাচেল হ্যারিসন এক বিবৃতিতে বলেন, জরুরি ফোনকল গ্রহণকারী জাতীয় স্বাস্থ্যসেবা বিভাগের (এনএইচএস) কর্মীরা স্বাভাবিক নিয়মে রোগীদের তথ্য সংশ্লিষ্ট বিভাগে পাঠাতে পারছেন না। এতে বিপুলসংখ্যক রোগীর তথ্য জমে যাচ্ছে এবং পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
তিনি বলেন, এর ফলে স্বাস্থ্যসেবা কার্যক্রমে বড় ধরনের জট সৃষ্টি হচ্ছে।
এদিকে, গত ১২ নভেম্বর রাত থেকে শুরু হওয়া মাইক্রোসফটের বৈশ্বিক প্রযুক্তিগত বিপর্যয়ে বিশ্বের বিভিন্ন দেশের লাখো ব্যবহারকারী, ব্যবসা-প্রতিষ্ঠান ও সরকারি সংস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিপর্যয়ের প্রভাব পড়েছে বাংলাদেশেও।
মাইক্রোসফটের আউটলুক, মাইক্রোসফট টিমস, ওয়ার্ড ৩৬৫, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ওয়ানড্রাইভ, শেয়ারপয়েন্ট ও কোপাইলটসহ প্রতিষ্ঠানটির বেশ কয়েকটি জনপ্রিয় সেবায় ব্যাপক সমস্যা দেখা দেয়। অনেক ব্যবহারকারী এসব সেবা ব্যবহারের সময় ‘সার্ভিস আনঅ্যাভেইলেবল’ বা পরিষেবা পাওয়া যাচ্ছে না—এমন ত্রুটির সম্মুখীন হন।
মাইক্রোসফটের পক্ষ থেকে জানানো হয়, অপ্রত্যাশিত সার্ভার বিপর্যয় এবং অবকাঠামোর ওপর অতিরিক্ত চাপের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এটি কোনো সাইবার হামলার ফল নয় বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে। তবে বিভিন্ন প্রতিবেদনে প্রযুক্তিগত ও নেটওয়ার্ক অবকাঠামো উন্নয়নের সময় সৃষ্ট সমস্যাকেও সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
বর্তমানে ক্ষতিগ্রস্ত সার্ভারগুলো পুনরায় চালু করা এবং জমে থাকা ইমেইল ও ডেটা প্রক্রিয়াকরণের মাধ্যমে ধীরে ধীরে পরিষেবাগুলো স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করছে মাইক্রোসফট। তবে কিছু ক্ষেত্রে সংযোগ বিচ্ছিন্নতা, তথ্য আদান-প্রদান এবং ফাইল সিঙ্ক্রোনাইজেশনে বিলম্বের সমস্যা এখনো থাকতে পারে।
এমএ